ভালোবাসা প্রকাশের নয়
দৃশ্যমান সবকিছু সকল সময় দেখা যায় না।
চোখের সামনে যা দেখা যায়, তার বাইরেও অনেক অনেক গল্প থাকে। পথ চলা মানে পায়ে কিংবা হাতে হাঁটা নয়। পথ চলা মানে শুধু চাকা নয়। পাখিরাও ডানা মেলে পথ চলে। জলাশয়ের মাছেরাও তাই। আমরা শব্দগুলোকে পৃথক করে বলে থাকি, আকাশে ওড়া, সাঁতার কাটা, ভেসে চলা।
আমরাও সময়ের স্রোতে ভেসে চলি। আমরাও ডানা মেলে উড়ি। কে বলে ডানা নেই? উড়োজাহাজে ডানা লাগিয়ে নিয়েছি আমরা। ওই ডানা তো আমাদেরই। আমাদের আবার মন ডানা আছে। তা মেলে যখন খুশি উড়ে যাই যেখানে মন চায়। একেবারেই মুক্ত...
আমরা কথা বলি। কত ভাষায় কথা বলি। মূক বধির মানুষও কথা বলে তাদের ভাষায়। পাখিরাও বলে তাদের ভাষায়, মাছেরাও তাই। আমরা বুঝিনা নয়, বুঝতে চাই না। শুধু আমরাই বলতে চাই। শুনতে চাই না...
আমরা আমাদের মতো ভেবে নিই সবকিছুকে। সান্ত্বনা পাওয়ার জন্য কখনও কখনও স্বপ্নকে বাস্তব ভাবি। ভুলকে ঠিক ভেবেই মেনে নিই কখনও কখনও। আমরা নিজেদেরকে সবসময় সফল দেখতে চাই। সবার শীর্ষে, সবার উপরে। এভারেস্ট জয়ের পরেও ভাবি চাঁদে একবার যেতেই হবে। চাঁদে গেলে ভাবি এবার মঙ্গলে না গেলে সফলতা কোই পেলাম জীবনে। আমরা দ্বিধাহীন হয়ে পড়ি। সফলতা তাহলে কাকে বলে...
আমরা পৃথক করতে পছন্দ করি। সহানুভূতি দেখিয়ে আমরা প্রচারের আলোকে এসে নিজেরা সুনাম অর্জন করতে চাই। অথচ আমরা সহমর্মিতা দেখাই না...
আমরা বলি কালো মানেই অন্ধকার। অন্ধ মানুষটি চোখে দেখতে পায় না। সে কখনও আলো দেখেনি। তার অভিজ্ঞতাই তো আমরা জানি না। তার জগৎ আলাদা জেনেও আমরা আমাদের ভাবনা চাপিয়ে দিই তার উপরে। তার দেখা কালো এবং আলো যে সম্পূর্ণ ভিন্ন হতে পারে তা বুঝতে আমরাই অক্ষম হই। আমরা বলি, কালো মানেই অন্ধকার। সে যদি বলে, কালো মানে আলো। আমরা তখন মানতে চাইনা, বিজ্ঞান খুঁজি, যুক্তি খুঁজি। আমরা যা বলছি সেটা ঠিক হতেই হবে...
সকল অনুভূতি সবসময় প্রকাশ করা যায় না। বাতাস দেখা যায় না। অনুভব করা যায়। ভালোবাসা প্রকাশের নয়। লিখে, বলে কিংবা কোন মাধ্যমেই ভালোবাসা যেন প্রকাশ্য নয়। ভালোবাসা কখনো দৃশ্যমামানও নয়। ভালোবাসা আছে। ভালোবাসার অদ্ভুত এক শক্তি আছে। এ জগতে ভালোবাসা আছে বলেই মায়া আছে। ভালোবাসা আর মায়া আছে বলেই এ জগৎ আজও সুন্দরভাবে বাঁচতে শেখে। এ জগৎ ভালোবাসা আর মায়ময় হোক...
3rd june 2021
Comments
Post a Comment