ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...
*আমার ছাত্রজীবনের বন্ধুগন/সহপাঠী,*
ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব।এখন এই হুইলচেয়ারে বসা ছোট্ট মানুষটা। সময়ের ধীর পরিবর্তন, প্রতিকূল পরিস্থিতি, তিন তিন বছর ক্লাসে গ্যাপ দিতে বাধ্য হওয়া। প্রচন্ড মানসিক চাপ, তীব্র শারীরিক যন্ত্রণা, সবকিছুর পরেও জীবনের দুই বড় পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোন রকম বিশেষ সুবিধা ছাড়াই সবার সাথে লড়ে পার হয়েছিলাম। ইচ্ছে করে কোন রাইটার, অতিরিক্ত সময় কিছুই নয়। মাত্রাতিরিক্ত পেইনকিলার খেয়ে পরীক্ষা দিয়েছি। আসলেই এটা পরীক্ষা ছিল! অনেকেই নাকি আমার রেজাল্টে খুশি। পশ্চিমবঙ্গ সরকারের সম্মাননা পাওয়া। কত বড় ব্যাপার! শুধু আমি খুশি ছিলাম না। মা খুশি ছিল। তাই আমি খুশি থাকার অভিনয় করছিলাম। মাধ্যমিক ৬৮%, উচ্চ মাধ্যমিক ৬০% এটা অর্ণবের রেজাল্ট হতে পারে না। অর্ণব ১০০ তে ১০০ পাওয়ার ক্ষমতা রাখে। লিখে দেব। ওরকম চাকরি দুচারটে সহজে পেতে পারি। যদিও চাকরি করার ইচ্ছে আমার কখনোই ছিল না... এক নয়, একাধিক মানসিক চাপ, কাজ, পরিবার, সময়, অনিশ্চিত ভবিষ্যত, সবকিছু মিলিয়ে ইদানিং সত্যিই আমি অনেক চাপে থাকি। কত সহজ বিষয় ভুলে যাই। বুঝতে পারি। একদম পড়াশোনা করি না। অনভ্যাসে বিদ্যা হ্রাস...উচ্চ শিক্ষার বিষয়ে হয়তো আর ভাবা হয়ে উঠবে না রে আমার। জানি না...
অর্ণবকে অন্তত কথায় কথায় IELTS, WBCS, UPSC দেখাস না। জীবনের ২০ টা বছর ফিরিয়ে দিতে পারবি আমায়? দে, দেখ তারপর...
Comments
Post a Comment