চেষ্টা করছি সময়টাকে কাটিয়ে ওঠার...
ডাক্তার হবো। অনে-ক বড় ডাক্তার। পাশাপাশি গান, আঁকাআঁকি, লেখালেখি, শিল্প চর্চা চলবে। অনেক অর্থ আয় করব। তবে বিলাসবহুল জীবনযাপনে সেই অর্থ ব্যয় হবে না। সে অর্থ আসলেই দেব অসহায় মানুষের প্রয়োজনে। পড়াশোনা করতে বিদেশ যদি যেতেই হয়, যাব। তবে দেশে ফিরবোই। গ্ৰামে ফিরব।
জীবনে বড় হবো। জ্ঞান অর্জন করব। মানুষের মতো মানুষ হবো। অসহায় মানুষের প্রয়োজনে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব পাশে থাকার...
এমনিতেই একটা সময় পর থেকে আমি কত দেরিতে চলছি সময় থেকে! কেরিয়ার নিয়ে প্রায় সব পরিকল্পনাই আমার অন্য পথে মোড় নিয়েছে বরাবর। শুধু কান্না আর এগিয়ে চলা...
UG তে গ্যাপ গ্যাপ গ্যাপ গ্যাপ গ্যাপ গ্যাপ....
History Honours এর 3rd sem শুরুর সময়েই হঠাৎ চাকরিতে ঢুকে যাই ২০১৭ তে। তারপর চাকরি, কাজ নিয়েই সবটা সময়। চাকরি করছি মাত্র ৪ বছর। শুরুর সময়গুলো কাজের ভয়ংকর চাপ গেছে। চাপ গেছে নিজের শরীরের উপরেও! নিজের শারীরিক চ্যালেঞ্জটাও যে অতিরিক্ত চাপ আমার জন্য!
ভেবেছিলুম, চাকরিটা কিছু বছর হলে বাসার কাছাকাছি বদলি নেব। সময় পাব, সুবিধা হবে। চাকরি করতে করতেই উচ্চশিক্ষাটা নিয়ে আবার ভাববো, শুরু করার চেষ্টা করব ধীরে ধীরে। তারপর কেরিয়ারটাকে নিয়ে আরও একটু অন্যপথে ভাববো, চেষ্টা করব। UG পুনরায় শুরু করতে গেলে নতুন করেই শুরু করতে হবে। History, Geography, Public Administration কিংবা B.C.A এর মধ্যে যে কোন একটা নিয়েই শুরু করব ভেবেছিলুম। কারণ বিষয় পছন্দ করার মতো আমার হাতে খুব বেশি অপশন থাকার পথ বন্ধ হয়েছে অনেক আগেই। অথচ H.S. এ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করার মতো Madhyamik এ যথেষ্ট ভালো ফলাফল ছিল আমার সবকিছুর পরেও। কিন্তু কেন জানি সবকিছু গোলমাল হয়ে গিয়েছিল সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর! কি যে হয়েছিল তখন! এদিকে নিজের শারীরিক যন্ত্রণা, চিন্তা, তার উপর কেউ নেইও পাশে, যে এবিষয়ে একটু গাইড করবে আমায়। শুধু মা একা। মা তো এতকিছু ভাবেনি! ওই পরিস্থিতিতে এতকিছু ভাবার কথাও ছিল না! মা শুধু জানত, পড়াশোনাটা যে কোন ভাবেই করতে হবে আমায়। যে কোন ভাবেই আমাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। সে যেভাবেই হোক! তখন না ছিল ইন্টারনেট, না ছিল উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবিধা আমার কাছে।
এখন কত সহজ সবকিছু! ভাবি মাঝে মাঝে! ওই যে, জীবনের কিছু সময় মানুষের এমনটাই হয় হয়তো! কেন হয়, তার কোন উত্তর থাকে না...
জীবনকে একটু অন্যদিকে ঘোরানোর জন্য, পড়াশোনা নতুনভাবে শুরুর জন্য, ২০২০ সালটাকেই বেছে রেখেছিলুম। কিন্তু শুরু করা হয়নি! মানে শুরু করতে দেয়নি সময়! আবার সে অনেক বছর পিছিয়ে দিল আমায়। যদিও, ২০২০ তেই জীবনের অমূল্য কিছু পেয়েওছি আমি! যা জীবনের বাড়তি অমূল্য পাওয়া বলে আমি মনে করি...
ইচ্ছে করে আবার পড়াশোনা শুরু করতে! খু-ব ইচ্ছে করে। আমি জানি, চর্চা আবার শুরু করলে আমি নিশ্চিত পারবো! কিন্তু, কেন জানি আমারই আজ ধৈর্য্যের বড় অভাব! অভাব মনঃসংযোগের! পড়াশোনা করলেই সব ভুলে যাই। নিজেই অবাক হোই! সবচেয়ে অভাব সময়ের...
চেষ্টা করছি সময়টাকে কাটিয়ে ওঠার...
কিন্তু কতটুকু সময় পাব আমি...
জানি না...
23 may 2021
Comments
Post a Comment