ঘরে বসে বসে মন খারাপ...
ঘরে বসে বসে মন খারাপ। ভাবলেন, বাড়ি থেকে বের হয়ে কাছাকাছি থেকে একটু ঘুরে আসি। ঘুরে আসলেন। একদিন দুইদিন তিনদিন এভাবেই চললো। কাছাকাছির সব দেখা শেষ। এতে আর মন ভরছে না। এবার আরো একটু দূরে কোথাও যাওয়া যাক। জেলা, রাজ্য, দেশ। সব দেখা শেষ। এখন এগুলোও সব চেনা। কেমন যেন একঘেয়েমি লেগে যাচ্ছে। এবার বিদেশ। দেশ ছাড়িয়ে ভিন্ন ভিন্ন দেশে ঘুরতে লাগলেন। একটা সময় তাও শেষ হল। এখন গোটা পৃথিবীর স্থলভাগের প্রায় সবটাই আপনার পরিচিত, চেনা, ঘরের দাবার মতো একঘেয়ে হয়ে উঠেছে।
এবার ভাবলেন। আচ্ছা কোন কিছু বাদ পড়ে গেল না তো। আরেকবার পুনরায় ঘোরা যাক তাহলে। যদি কিছু বাদ পড়ে যায়। এবার জঙ্গল, পাড়ার, সমুদ্র, সব, সবকিছু নিখুঁতভাবে দেখলেন জানলেন। ব্যাস, এবার পুরো পৃথিবীর স্থলভাগ, জলভাগ আপনার চেনা জানা ঘরের দাবা এবং একঘেয়েমি হয়ে উঠেছে। কী করা যায়?
এবার মহাকাশে গেলে কেমন হয়?
কিন্তু সে তো অনেক কাহিনী...
মঙ্গলে আপাতত জমিটা কিনে রাখলেন।
সেখানে যাওয়ার জন্য নাকি অনেক আগে থেকেই প্রস্তুতি নিতে হয়। এ মুহূর্তে আদৌ তার সম্ভব হবে কিনা জানা নেই। তবুও একটা স্বপ্ন আছে। স্বপ্ন দেখতে দোষ নেই...
আপাতত কবিগুরুর সেই বিখ্যাত লাইন মনে পড়ল,
"বহুদিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে,
দেখিতে গিয়াছি পর্বতমালা
দেখিতে গিয়াছি সিন্ধু,
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া,
একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু l"
আপনি আবার সেই ঘর থেকেই শুরু করলেন...
Comments
Post a Comment