নদীর এপার ওপার
নদীর এপার আর ওপার। এপারে অনেক স্বাচ্ছন্দ্য, সুখে শান্তিতে পরিপূর্ণ। ওপারে শুধুই দুঃখ, কান্না, প্রতিনিয়ত ত্যাগ। সুখ বলতে কিছুই নেই। এক ব্যক্তি ঘটনাক্রমে নদীর এপার থেকে ওপারে পৌঁছে গেছেন হঠাৎ করে। তিনি জানতেও পারেনি। দিন যায়, দিন যায়। সময় চলতে থাকে। তিনি ভাবেন, আর কিছুদিন ওপারে কাটিয়ে দিলেই এপারে ফিরে আসবেন আবার। দিন যায়, দিন যায়। সময় এগিয়ে চলে। ওই ব্যক্তি একদিন জানলেন নদীর ওপার থেকে এপারে হয়তো আর আসা যাবে না। কারণ সময় যত এগিয়ে চলছে। এপারে ফিরে আসার পথ ততোই কঠিন হচ্ছে। প্রায় মানুষ লোকটাকে বলেন, এপারের ভাবনা ছাড়েন। ওপারেই সবকিছু মানিয়ে নিন! থেকে যান আনন্দে...
আচ্ছা, ওই ব্যক্তি যদি প্রথম থেকেই ওপারে থাকতেন? এপারে সুখ শান্তির খোঁজ যদি তিনি না জানতেন কখনো। তাহলে তো সহজ হতো। তাহলে তো তিনি ওপারেই খুশি থাকতেন, ঠিক এপারের মতো। এপারের কথা মাথাতেই আসতো না তাঁর।
কারণ তিনি দুপারের পার্থক্য বুঝতেন না। তুলনা করতেন না। যিনি প্রথম থেকেই ওপারে আছেন। এপার সম্পর্কে যাঁর কোন ধারনা, অনুভূতি কিংবা অভিজ্ঞতাই নেই। তিনি তো প্রথম থেকেই সুখী। ওপারে দুঃখ মানেই সুখ। তিনি দুপারের পার্থক্য জানেন না বলেই কষ্ট পান না, ক্লান্ত হন না।
আর যিনি এপার ওপার দুপারে রয়েছেন। অভিজ্ঞতা নিয়েছেন। তিনি তো এপারে ফিরে আসার জন্য আজীবন চেষ্টা করবেন। সেটাই তো স্বাভাবিক...
Comments
Post a Comment