একটা রাত, জ্ঞানত জীবনের প্রথম রাত জাগা

একটা রাত,
জ্ঞানত জীবনের প্রথম রাত জাগা ~

----------------------------------------------------

যদিও সময়টা এখনও চলমান। তারপরেও, বুকের শূন্যতা একটু কাটানোর জন্য‌ই খসখস করে স্মার্টফোনের G board - এর ওপর দিয়ে Google Keep - এর সাদা ফাঁকা পাতায়, সোশ্যাল মিডিয়ার পাতায় কিছুটা ভরিয়ে দেওয়ার চেষ্টা!

না, আর পাঁচটা সাধারণ মানুষের মতো জীবনের লড়াইটা এতো সহজ নয় আমার। একের পর এক ঘাত প্রতিঘাত জীবনের চলার পথে এসে অন্ধকার হয়ে দাঁড়িয়েছে সামনে বারেবারে ! যেটা হয়তো স্বপ্নের‌ও বাইরে। এমন কিছু ঘটনা, যা ঘটার পরে স্বাভাবিক ভাবেই জীবনে বাঁচার ইচ্ছে বা সাহস রাখে এমনজনকে খুব একটা পাওয়া যায়না! যাদের পাওয়া যায়, তাদের মধ্যে আমিও একজন। হাসিমুখে সবকিছু ভুলে থেকে নিজেকে ব্যস্ত রেখে অভিনয় করে চলেছি আজ‌ও! নিজের জন্য নয়! শুধু কিছু মানুষের জন্য! বারে বারে চাপা কান্নারা ভিড় করে এসেছে। কাঁদতে পারিনি প্রাণ খুলে! পাছে সেই মানুষগুলো কষ্ট পায়! আসলে নিজের জন্য সেইভাবে ভাবাটা বহুবছর আগেই থমকে গিয়েছে।

একটা রাত। জ্ঞানত জীবনের প্রথম রাত জাগা। সারারাত চোখের পাতা এক‌ই হয়নি। বিছানায় শুয়ে একদৃষ্টিতে তাকিয়ে ছিলাম কোন এক লজের ছোট্ট কামরার সাদা ধপ‌্ধপে সিলিংটার দিকে। না, কোন কথা বলা হয়নি। শুনছিলাম! কথা বলার মত কিছু ছিল‌ও না! চোখে জলও ছিল না! শুধুই তাকিয়ে ছিলাম! এক দৃষ্টিতে!

বুকের ভেতরটা শূণ্য হয়ে আসছিল। মনে হচ্ছিল সবটাই স্বপ্ন! এটা হতে পারে না। এটা হতে পারেই না! অন্তত আমার জন্য!
ভাবছিলাম, যে মানুষটা সবসময় এগিয়ে যেতে চেয়েছে। যে মানুষটা সবসময় সবার ভালো চেয়ে এসেছে, সবার পাশে দাঁড়িয়েছে সাধ্য মতো। যে মানুষটা জ্ঞানত কাউকে কোনদিন ক্ষতি করেনি!
যে মানুষটা সময়ের চাপে আজ এমনিতেই অনেকটা পিছিয়ে। মেনে নিয়েছে সব! সেই মানুষটার ওপরে আবার‌ও এত্ত বড় আঘাত! ভাবছিলাম, আসলেই এর শেষ কোথায় হবে! জানিনা!
থেমে যেতে গিয়েও থামতে পারিনি। শুধুমাত্র কিছু মানুষের জন্য। তাদের কথা ভেবে!

সকাল হ‌ওয়ার আগেই জোর করে চোখ বুজে পরম শান্তিতে ঘুমিয়ে থাকার ভান করেছিলাম।
নিজের জন্য নয়। শুধুমাত্র কিছু মানুষের জন্য।
তাদের কথা ভেবে‌।

যাতে তারা না বুঝতে পারে আমি সারারাত না ঘুমিয়ে রাত জেগেছি! সেই রাত থেকেই অভিনয়ের আসল পালাটা শুরু হয়েছিল।

একটা রাত। জীবনের প্রথম রাত জাগা।
শুধুমাত্র কিছু মানুষের জন্য। তাদের কথা ভেবে‌।

যে রাত এক লহমায় বদলে দিয়েছিল জীবনের সংজ্ঞা! যে রাত দেখিয়েছিল, চোখের পলক ফেলতে না ফেলতেই সময় কিভাবে বদলে যেতে পারে! দেখিয়েছিল সময়ের এক নাম না জানা ভয়ংকর রূপ! যা মৃত্যুর থেকেও ভয়ংকর!

যে রাত ভালোবেসে বলেছিল,
"ভাবিষ্যত নয়। বর্তমান ভাবো। বর্তমানটা ভালো থাকার চেষ্টা কর। মাঠ ছেড়ে নিজের স্বার্থের কথা ভেবে স্বার্থপরের মত পালালে হবে না। হয়তো তোমার নিজের জন্য নয়। কিছু মানুষকে হাসিমুখে রাখতে তোমাকে বাঁচতে হবে! এটা তোমার দায়িত্ব। এ দায়িত্ব এড়িয়ে যাওয়ার অধিকার তোমার নেই! এটাই তোমার জীবন আপাতত। এটাই তোমার লড়াই! জীবনের ইচ্ছে বা স্বপ্নগুলোকে দেখতে থাক! বাস্তবায়ন করার চেষ্টা করতে থাক। তবে যদি সেগুলোকে ছুঁতে না পার। তাহলেও আপসোস করা যাবে না তোমায়। প্রচন্ড কষ্ট পেলে, দুঃখ পেলে, যদি অনেক কান্না পায়। নিজেকে হালকা করতে অনেক কান্না করতে চাও তুমি! সেটাও করার সুযোগ তুমি নাও পেতে পার! মনে রেখো, এই নিয়মাবলী শুধুমাত্র তোমারই জন্য! নিয়মাবলী তুমি ভাঙতেই পার। তবে মনে রেখো, তাহলে তোমার কাছের মানুষগুলো অনেক কষ্ট পাবে! অনেক কষ্ট! সেটা তুমি নিশ্চয়ই চাও না!

জীবনের সংজ্ঞাটা কেউই জানেনা।
জানেনা সময়ের রুপান্তর!

আবার‌ও বলছি, ভাবিষ্যত নয়। বর্তমান ভাবো। বর্তমানটা ভালো থাকার চেষ্টা কর। মাঠ ছেড়ে নিজের স্বার্থের কথা ভেবে স্বার্থপরের মত পালালে হবে না। হয়তো তোমার নিজের জন্য নয়। কিছু মানুষকে হাসিমুখে রাখতে তোমাকে বাঁচতে হবে! এটা তোমার দায়িত্ব। এ দায়িত্ব এড়িয়ে যাওয়ার অধিকার তোমার নেই!"

দেখতে দেখতে ১৯৮৯ থেকে শুরু করে #২০০১ এর পর সেই রাত জাগা রাত হাসি মুখে পার করে ২০২০ কে নিয়ে বয়ে চলেছি! কঠিন বাস্তবতার চোখে চোখ রেখে প্রতিনিয়ত অনেক প্রশ্নের উত্তর দিতে দিতে হয়তো আমি আজ বেশ ক্লান্ত‌ও। তবে, সেই রাত জাগা রাতের নির্দেশ আজ‌ও মেনে চলতেই হচ্ছে !

ভাবিষ্যত নয়। বর্তমানটাই দেখি। বর্তমানটাই ভাবি! বর্তমানটাতেই ভালো থাকার চেষ্টা করি! মাঠ ছেড়ে নিজের স্বার্থের কথা ভেবে স্বার্থপরের মত পালাইনি আমি। হয়তো আমার নিজের জন্য নয়। দেওয়ালে পিঠ ঠেকে গেলেও কিছু মানুষকে হাসিমুখে রাখতে আমাকে বাঁচতে হয়েছে, হচ্ছে! আমি কোথাও হয়তো প্রতিজ্ঞাবদ্ধ! এটা আমার দায়িত্ব! এ দায়িত্ব এড়িয়ে যাওয়ার অধিকার আমার নেই! অভিনয়টা চলেছে, চলছে..

©️ অর্ণব
২৯ শে আগস্ট ২০২০

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার