প্রশ্নের বিপরীতে

প্রশ্নের_বিপরীতে
আজকে দিনটা,
অগোছালো বুনন -

রাতে ভালো ঘুম আসে না বলে বা রাতে ভালো করে প্রাণ ভরে ঘুমোতে পারব বলে দুপুর বেলাতে তো ঘুমোই না বহুদিন থেকে। অনেক দিনের অভ্যাস। বিশেষ করে ২০০১ সালে আমার দু দু'টো সার্জারি হয়ে আসার পরে থেকে। তারপর তো পড়াশোনা, বাড়িতে থাকা। সারাদিন পড়াশোনা করেই কাটানো। এরপর ফ্রিল্যান্সিং করে রোজগার করার প্রতিযোগিতায় নামা। কতো বড় বড় দুপুর তো কেটেই গিয়েছে না ঘুমিয়ে। কিছু রাত‌ও তাই।

বিগত কয়েকমাস দুপুরে না ঘোমালেও, যতোই রাতে ঘুমাতে যাই না কেন, ঘরের দেওয়ালে ইলেকট্রিসিটির বোর্ডের সেই লাল রঙের মিটমিট করা আলোর দিকেই তাকিয়ে এক দৃষ্টিতে। অজানা অচেনা গল্পেদের ভিড়। চেনাও হতে পারে! হাসি, ঠাট্টা, মশকরা, তামাশা, দুঃখ, বেদনা, রাগ, অভিমান, আনন্দ, কান্না, আর যেন কি কি আছে?
হয়তো জানি। মনে পড়ছে না এই মুহূর্তে!

এভাবেই অনেকটা সময়।
অনেকটা সময়...
এক দৃষ্টিতে...

অবশেষে ঘুম আসে। নিশ্চিন্ত হোই। প্রাণের আরাম! শান্তি। হারিয়ে যাই এক সংজ্ঞাহীন ঠিকানায়।

সময় না জানা আবার এক সকাল হয়। ঘুম ভাঙে। বুদ্ধিমান কৌশলে শুরু হয় নিজেকে ব্যস্ত রাখার এক চরম প্রতিযোগিতা।

স্মার্টফোন, ফেসবুক স্মৃতিগুলোকে ফিরিয়ে দেয়। এমন কিছু যা হয়তো স্বপ্নেও ভাবিনি! আবেগ!

ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নিজের কাজের জায়গায় আসা। চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে থাকা। তারপর দৈত্যাকার মনিটরের সামনে বসে শুরু করা নানান কর্মকান্ড। ইমেল চেক, ক্লায়েন্ট মিট, প্রোজেক্ট রিভিউ, ইত্যাদি ইত্যাদি। চলতে থাকা...

এখন, এই মুহূর্তে এই নিয়মেই চলছে। স্কুল খুললে আবার নিয়ম-কানুন বদল হবে হয়তো।

বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু কাজ সারার পর কিছুক্ষণের বিরতি। কানে হেডফোন লাগিয়ে একটু গান শুনতে থাকা। সোশ্যাল মিডিয়ায় উঁকিঝুঁকি। টুইটার, ইন্সটাগ্রাম। ফেসবুকের নিউজ ফিড।
আনমনেই কখনও কখনও বেশ কিছুটা সময় থমকে যাওয়া। এক দৃষ্টিতে.... 😭🙏💕

কিছু স্মৃতি থমকিয়ে দেয়!

জন্মদিন 🎂!
উৎসব!
জীবন ......... ? ? ?

কখনো কখনো এভাবেই!
তৎক্ষণাৎ মনে হয়, সময় নেই।
আজ‌ই, এখন‌ই সব জানতে হবে।
কি হয়েছিল?
কি হয়েছিল সেদিন?
কেন এমন হয়?
তাহলে কি এটাই জীবনের রহস্য?
এটাই জীবনের চলমানতা?
এটাই সময়ের পরিবর্তন?
এটাই কি জীবন?

হাজার প্রশ্ন! হাজার! প্রশ্নের উত্তর খুঁজতে থাকি পাগলের মতো!

কাজে ফিরি মনকে সান্তনা দিয়ে। এর মাঝে স্নান, দুপুরের খাওয়া দাওয়া সেরে নিজের রাজ সিংহাসন ( হুইলচেয়ার ) হেলিয়ে দিয়ে শুয়ে পড়ি। না, ঘুমাই না। সেতো আগেই বললাম 😀। ্
মুভি? ইউটিউব?
সেতো সবসময় হয়। আজ আর নয়। আজকে কিছু প্রশ্নের উত্তর খুঁজতে হবে। খুঁজতেই হবে!
প্রশ্নের উত্তর খুঁজে বেড়াই।

অনেক খোঁজার পর হয়তোবা উত্তর পাই। তবে সাধ মেটে না। এ উত্তর তো আমি চাই নি!
বিকেল, সন্ধ্যা, রাত হয়। কাজ চলতে থাকে।

আবার প্রশ্নের উত্তর খুঁজতে থাকি।
কাজ চলতে থাকে।
নিজেকে ব্যস্ত রাখার প্রতিযোগিতায় মাতিয়ে দি‌ই!
যাতে প্রশ্নের উত্তর গুলো মন মতো না হলেও নিজেকে সান্তনা দিয়ে বলতে পারি,
হ্যাঁ, পেয়েছি! এই তো খুঁজে পেয়েছি আমার উত্তর! সব উত্তর!

রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যাই প্রায় ১১ টা নাগাদ।

কিন্তু, আবার আনমনে প্রশ্নের উত্তর খুঁজে চলি।
রাতের অন্ধকারে ঘরের দেওয়ালে ইলেকট্রিসিটির বোর্ডের সেই লাল রঙের মিটমিট করা আলো। এক দৃষ্টিতে...
প্রশ্নের উত্তর খুঁজতে থাকি...

এভাবেই অনেকটা সময়।
অনেকটা সময়...
এক দৃষ্টিতে...

অবশেষে ঘুম আসে। নিশ্চিন্ত হোই। প্রাণের আরাম! শান্তি। হারিয়ে যাই সেই সংজ্ঞাহীন ঠিকানায়।

সময় না জানা আবার এক সকাল হয়। ঘুম ভাঙে। বুদ্ধিমান কৌশলে আবার শুরু হয় নিজেকে ব্যস্ত রাখার চরম সেই প্রতিযোগিতা।

চলতে থাকে...
সে তার আপন গতিতে...
আমি প্রশ্নের উত্তর খুঁজে চলি!
উত্তর খুঁজে যাব!
আজীবন!
সম্ভব হলে, জীবনের ও পরে!
একদিন উত্তর পাব।!
নিশ্চয়ই পাব!
পেতেই হবে!

প্রশ্নের উত্তর খুঁজে চলি!...


- ©️ অর্ণব
১ লা আগস্ট ২০২০, শনিবার।

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার